দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে সারাদেশের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে জেলা পর্যায়ের প্রতিটি বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার সকালে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরে যুবক ও নারীদের শুধু ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার দেশের প্রত্যেক বেকার যুবক ও নারীর কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে। খেলাধুলার পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম এবং প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এবারের প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। কাবাডি, ক্রিকেট, ফুটবল, হকি ও ভলিবলসহ মোট ১৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এমএস/